সালানপুর, ১৯ আগস্ট: কাজল মিত্র : বাংলা-ঝাড়খন্ড সীমান্তে মাদক পাচার রুখতে বড় ধরনের সাফল্য পেল সালানপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ৫১০ গ্রাম উচ্চমানের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। কালোবাজারে যার আনুমানিক মূল্য এক কোটি টাকার কাছাকাছি।সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল এর নেতৃত্বে রূপনারায়ণপুর ফাঁড়ির ওসি সুমঙ্গল সরকার দুই অফিসারের সমন্বিত তৎপরতায় সকাল থেকেই নজরদারি চলছিল ধাংগুড়ি-কাশিডাঙ্গা এলাকায়।
বেলা বারোটা নাগাদ নজরে আসে একটি পিকআপ ভ্যান ভ্যানটি বাংলা সীমান্ত পেরিয়ে ঝাড়খন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ধাংগুড়ি মোড়ে পুলিশ ভ্যানটিকে থামায়।

প্রথমে ভেতরে চোখে পড়ে থরে থরে সাজানো সিগারেটের প্যাকেট। প্যাকেট সরাতেই মেলে লুকিয়ে রাখা মাদকের প্যাকেট।যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। তাদের সালানপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানার চেষ্টা করছে মাদকটি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই চক্রের মূল পাণ্ডা কে।

পুলিশ সূত্রের মতে, ভ্যানটি যদি ঝাড়খন্ডে ঢুকে যেত তাহলে এই বড় চালান হাতছাড়া হয়ে যেত। ইদানিংআসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় এত বড় মাদক উদ্ধারের ঘটনা দেখা যায়নি। সীমান্তবর্তী এলাকায় সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির এই তৎপরতাকে পুলিশ মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।তদন্ত এখন দুই দিকেই এগোচ্ছে। চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
