আসানসোলের কালীপাহাড়িতে ৭০ বছরের বৃদ্ধার রহস্যমৃত্যু, তদন্ত শুরু পুলিশের

কাজল মিত্র : আসানসোল দক্ষিণ থানা এলাকার কালীপাহাড়ি ক্যান্টিন সংলগ্ন এলাকায় ৭০ বছরের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম বৈশাখী মণ্ডল। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পরিবারের তরফে তোলা হয়েছে গুরুতর অভিযোগ। মৃতার এক আত্মীয়ের বক্তব্য, বৈশাখীদেবীর এক ছেলের সঙ্গে তাঁর ভাইয়ের জমি বা পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল। ওই পরিবারের আরও অভিযোগ, ছেলের চাপ ও অত্যাচারের জেরেই এই পরিণতি হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি।পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বৈশাখীদেবীর স্বামী সরকারি চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে পেনশন পেয়েই সংসার চলত বৈশাখীদেবীর।

এদিকে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস বলেন, “৭০ বছরের বৈশাখী মণ্ডলের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকলেও ঘটনার প্রতিটি দিক আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষ হলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *