দেন্দুয়া মোড়ে ট্রাকের ধাক্কা, গুরুতর জখম বৃদ্ধ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কাজল মিত্র: চিত্তরঞ্জন-আসানসোল রোডের অন্যতম ব্যস্ত মোড় দেন্দুয়ায় শনিবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারানো একটি লরির ধাক্কায় রাস্তায় গুরুতরভাবে আহত হলেন ৭০ বছরের এক বৃদ্ধ।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম করুণাময় দে। বাড়ি দেন্দুয়াতেই। ডাবর মোড়ের দিক থেকে আসা UP 61 AT 2199 নম্বরের একটি মালবোঝাই ট্রাক দেন্দুয়া মোড়ে কল্যাণেশ্বরীর দিকে ডানদিকে ঘুরতে গিয়ে রাস্তা পার হওয়া ওই বৃদ্ধকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকের সামনের চাকা সোজা বৃদ্ধের শরীরের উপর দিয়ে চলে যায়। এতে কোমর থেকে ডান পায়ের পাতা পর্যন্ত অংশ থেঁতলে যায়।দুর্ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দেন্দুয়া মোড়ে শুরু হয় পথ অবরোধ। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভিযোগ উঠেছে, এত গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটল। তার উপর আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৎক্ষণাৎ কোনো অ্যাম্বুলেন্স বা পুলিশি গাড়িও মেলেনি। শেষে ECL-এর একটি গাড়ির সাহায্যে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি আটক করা হয়। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের পর পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলে অবরোধ ওঠে।স্থানীয়দের বক্তব্য, এই দুর্ঘটনার পিছনে দায়ী দেন্দুয়া মোড়ের তীব্র যানজট। তার উপর ECL-এর গাড়িগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। আগে এখানে “নো এন্ট্রি” নিয়ম ছিল। কিন্তু গত তিন মাস ধরে ECL সেই নিয়ম তুলে নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা লেগেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *