জামুড়িয়া, ৯ আগস্ট কাজল মিত্র : ট্রাফিক বিভাগের উদ্যোগে ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হল নিরাপত্তা সপ্তাহ। সপ্তাহের শেষ দিনে রবিবার জামুড়িয়া ট্রাফিক গার্ডের চত্বরে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।বিশেষত এলাকার বাণিজ্যিক ও বেসরকারি চালকদের কথা মাথায় রেখেই এই শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এলাকার বহু বয়স্ক পুরুষ ও মহিলাও এদিন ট্রাফিক গার্ডে এসে চক্ষু পরীক্ষা করান।

শিবিরে আসা বয়স্করা ও চালকরা জানান, ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মোবাইলে মেসেজ পেয়েই তাঁরা এখানে এসেছেন। এখানে শুধু চক্ষু পরীক্ষাই নয়,প্রয়োজনে অপারেশনের তারিখও ওই শিবির থেকেই দিয়ে দেওয়া হচ্ছে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুড়িয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুকান্ত দাস, এসআই এসকে হাসিবুল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। তাঁরা শিবিরে আসা বয়স্ক পুরুষ-মহিলা ও চালকদের যাবতীয় সাহায্য করেন।
ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিবিরে আসা সকলেই।
