আসানসোল, নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র : স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের রঙে রাঙল আসানসোলের রাজপথ। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে সোমবার দুপুরে শহর জুড়ে বের হল বিশাল তিরঙ্গা র্যালি। র্যালির সবচেয়ে বড় আকর্ষণ ছিল ২০০ ফুট লম্বা জাতীয় পতাকা।রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালির সূচনা। ২০০ ফুটের ওই বিশাল পতাকা কাঁধে নিয়ে এগোন স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা।জিটি রোডের ভগৎ সিং মোড়, বার্নপুর রোড ও কোর্ট মোড় হয়ে র্যালিটি শেষ হয় পোলো গ্রাউন্ডে। স্লোগান আর দেশাত্মবোধের আবেগে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।

র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবালম, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার। সঙ্গে ছিলেন আসানসোলের তিন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায় ও পার্থ ঘোষ।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে ‘হর ঘর তিরঙ্গা’ পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন ব্লকে তিরঙ্গা যাত্রা, রঙ্গোলি ও জাতীয় পতাকা বিতরণের আয়োজন করা হয়েছে।জেলাশাসক এস. পোন্নাবালম বলেন, “মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশাত্মবোধ জাগিয়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “আজ সরকারি আধিকারিক থেকে বুদ্ধিজীবী, সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা হাতে একসঙ্গে পথে নেমেছেন। এর মাধ্যমে আমরা গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থার বার্তা দিচ্ছি।”স্বাধীনতা দিবসের আগে ২০০ ফুটের বিশাল তিরঙ্গা আসানসোল শহরে দেশপ্রেমের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
