নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র: সামনেই দুর্গাপূজা, তার আগে রুজি-রুটির টান। আসানসোলে টোটো চলাচলে পুলিশের বাধার অভিযোগ তুললেন টোটো চালকরা।জানা গেছে, সালানপুর, দোমহানি ও বারাবনি থেকে প্রতিদিন প্রায় ৫০টির বেশি টোটো যাত্রী নিয়ে আসানসোল বাসস্ট্যান্ড, হটন রোড এলাকায় যায়। অভিযোগ, গত কয়েকদিন ধরে আসানসোল ট্রাফিক পুলিশ GT রোডে টোটো ঢুকতে দিচ্ছে না। টোটো আটকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এদিন এক চালক ক্ষোভের সঙ্গে বলেন, “কোম্পানি টোটো বিক্রির সময় বলেছিল সব রাস্তায় চলবে। এখন CNG অটো চলছে, অথচ আমাদের টোটো আটকানো হচ্ছে। আমরা গরিব মানুষ, লোন নিয়ে টোটো কিনেছি। টোটো বন্ধ হলে ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে মরব।”
এই ঘটনায় টোটো চালকরা বারাবনির বিজেপি কার্যালয়ে গিয়ে স্থানীয় নেতৃত্ব সুজিত মন্ডল এর কাছে অভিযোগ জানান চালকরা।
এই বিষয়ে বিজেপি নেতা সুজিত মন্ডল জানান, “এটা বারাবনি বিধানসভার সমস্যা নয়, সমস্যাটা আসানসোলের। প্রশাসনের নিয়ম আছে GT রোডে টোটো চলবে না। কিন্তু আমাদের সরকার মানবিক সরকার। এখানে প্রায় পাঁচশো পরিবার জড়িত। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, মানুষের হাতে টাকা দরকার।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বিধায়ক অরিজিৎ রায় এর সঙ্গে কথা বলবেন। আগামীকাল সমস্ত টোটো চালকদের নিয়ে বিধায়কের কাছে যাবেন, যাতে দ্রুত কোনো সমাধানসূত্র বের হয়।
