কাজল মিত্র, বরাকর: শনিবার সকাল থেকেই বরাকরের দাসপাড়া এবং হাসপাতাল রোড এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা। একের পর এক বাড়িতে ঢুকে তল্লাশি চালালো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন কুলটির এসিপি জাবেদ হোসেন।সূত্রের খবর, সাইবার অপরাধের সূত্র ধরেই এই অভিযান। বরাকরে সক্রিয় কোনও বড় সাইবার প্রতারণা চক্রের সন্ধানে নেমেছে পুলিশ। সেই সূত্রেই এদিন সকালে দাসপাড়ার একাধিক বাড়ি ও সন্দেহভাজন ডেরায় হানা দেয় পুলিশ। উদ্ধার হওয়া নথিপত্র, মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী খতিয়ে দেখা হয়। পাশাপাশি বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

আচমকা এলাকায় এত পুলিশ দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়ায়। রাস্তায় ভিড় জমে যায়। তবে তদন্তের গোপনীয়তা বজায় রাখতে পুলিশ এখনই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
কী কী সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, কতজনকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন।
তবে শনিবারের এই মেগা অভিযান যে নিছক রুটিন তল্লাশি নয়, তা একপ্রকার স্পষ্ট। সাইবার অপরাধের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে, তা পুলিশের পরবর্তী পদক্ষেপেই জানা যাবে।
