আয়ুষ্মান দিবসে পশ্চিম বর্ধমানে একদিনেই ৪৩ হাজার কার্ড বিতরণ সাড়ে ১০ লক্ষ পরিবারকে স্বাস্থ্যের ছাতার তলায় আনার লক্ষ্য, প্রান্তিক এলাকায় বিশেষ জোর

আসানসোল, নিজস্ব সংবাদদাতা কাজল মিত্র : স্বাস্থ্যসুরক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে রবিবার পশ্চিম বর্ধমান জেলায় পালিত হল ‘আয়ুষ্মান দিবস’। দিনটিতে জেলাজুড়ে শুরু হল আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ।আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র প্রথম দিনেই জেলায় প্রায় ৪৩ হাজার কার্ড বিতরণ করা সম্ভব হয়েছে।

জেলাশাসক এস. পোন্নাবলম জানান, পশ্চিম বর্ধমানে মোট প্রায় ১০.৫ লক্ষ প্রি-ফিল্ড ফর্ম জমা পড়েছে। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ ফর্মের যাচাইয়ের কাজ শেষ। বাকি সাড়ে ৩ লক্ষ ফর্মের তথ্য যাচাই ও সংগ্রহের কাজ দ্রুতগতিতে চলছে। যাচাই শেষ হলেই পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবারের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।তিনি আরও জানান, বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে সংগৃহীত প্রায় দেড় লক্ষ ফর্মের মধ্যে আরও ৪০ হাজার ফর্ম ডিজিটাইজ করে কার্ড তৈরির জন্য প্রস্তুত রাখা হয়েছে।শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন,সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জেলা ও ব্লক প্রশাসনের পাশাপাশি আশা কর্মীদের মাঠে নামানো হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও সচেতনতার কাজ করছেন।

কার্ড হাতে না পেলেও কেউ স্বাস্থ্যসুরক্ষা থেকে বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক। তাঁর কথায়, “আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা যোগ্যরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা-র মাধ্যমে সুবিধা পাবেন। যোগ্যতাই শেষ কথা, কার্ড নয়।”রবীন্দ্র ভবনের অনুষ্ঠানের শুরুতেই কলকাতা থেকে আয়ুষ্মান দিবসের মূলপর্ব সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, জামুড়িয়ার বিধায়ক বিজন মুখার্জি সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।প্রথম দিনে বিপুল সাড়া পাওয়ার পর এখন প্রশাসনের প্রধান লক্ষ্য, বাকি উপভোক্তাদের কাছে যত দ্রুত সম্ভব কার্ড পৌঁছে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *