নিজস্ব প্রতিনিধি,কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রেমপাল সিংকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ বালি ব্যবসা সংক্রান্ত একটি মামলায় প্রেমপাল সিংকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে, বিশেষ করে শিল্পাঞ্চলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই প্রেমপাল সিং পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ।

এর আগে জামুড়িয়া থানার পুলিশ প্রেমপাল সিংয়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। ওই অভিযানে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি।পুলিশের দাবি, বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করার সময়ই প্রেমপাল সিংকে আটক করে গ্রেফতার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বা পরিবারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই প্রাক্তন বিধায়ক হরেরাম সিংকেও এলাকায় প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর।
