কাজল মিত্র : রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়ের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হল সালানপুরের রাজনীতি। মন্তব্যের বিরুদ্ধে এবার সরাসরি থানার দ্বারস্থ হল সালানপুর ব্লক জাতীয় কংগ্রেস।শুক্রবার সংগঠনের পক্ষ থেকে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি ও তাঁর গড়া আজাদ হিন্দ ফৌজের ভূমিকা অবিস্মরণীয়। সেই প্রসঙ্গে সাংসদের মন্তব্য দেশের শহিদদের প্রতি অসম্মানজনক এবং কোটি ভারতবাসীর আবেগে আঘাত করেছে।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দোষীর বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তাঁরা সাংসদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন।নেতারা আরও বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু গোটা দেশের গর্ব। স্বাধীনতার লড়াইয়ে তাঁর অবদান এবং আজাদ হিন্দ ফৌজের আত্মত্যাগ নিয়ে কোনও ধরনের বিকৃতি বা অবমাননা বরদাস্ত করা হবে না।”এই অভিযোগ ঘিরে জেলার রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কংগ্রেসের দেওয়া FIR-এর ভিত্তিতে পুলিশ ও জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।
