সংবাদদাতা , অন্ডাল : শনিবার দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস । এই বিশেষ দিনে উখড়া বাজপাই মোড়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান করা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে । সেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেন ৯৩ বছর বয়সি প্রাক্তন প্রবীণ শিক্ষক শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় । তাঁর হাতে জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ ।উল্লেখ্য, শিবকৃষ্ণ বাবু একসময় উখড়া কে,বি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন । দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি সাহিত্যচর্চাতেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে । তাঁর লেখা একাধিক বই ইতিমধ্যেই পাঠকমহলে পরিচিত । স্বাধীনতার স্মৃতিচারণ করতে গিয়ে শিবকৃষ্ণ বাবু বলেন, “স্বাধীনতার সময় আমার বয়স ছিল ১২ বছর । তখন স্বাধীনতার অর্থ ঠিক বুঝতাম না । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতার প্রকৃত মর্ম উপলব্ধি করেছি ।”তিনি আরও বলেন, শুধু স্বাধীনতা দিবস পালন করলেই হবে না, দেশকে ভালোবাসতে হবে । একইসঙ্গে দেশের সংবিধানকে সম্মান করা এবং সংবিধান মেনে চলাও প্রত্যেক দেশবাসীর কর্তব্য । ৯৩ বছর বয়সেও তাঁর হাতে জাতীয় পতাকা উত্তোলনের এই দৃশ্য স্বাধীনতার মূল্যবোধ ও প্রজন্মের পর প্রজন্মের দায়বদ্ধতার এক অনন্য বার্তা বহন করে ।
৯৩ বছরের প্রবীণ শিক্ষকের হাতে উঠলো ৮০ তম স্বাধীনতার পতাকা
