সালানপুরে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস

সালানপুর কাজল মিত্র: দেশজুড়ে যখন ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে, তখন পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকেও জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল গভীর শ্রদ্ধা ও উৎসাহের সাথে।শুক্রবার সকালে সালানপুর ব্লক অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ব্লক অফিসের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শুধু ব্লক অফিসেই নয়, দিনটির তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলতে একইসঙ্গে সালানপুর বিডিও অফিস, স্কুল পরিদর্শক অফিস এবং সহ কৃষি অধিকর্তার অফিসেও পতাকা উত্তোলন করা হয়।স্কুল পরিদর্শক অফিসে পতাকা তোলেন স্কুল পরিদর্শক পাপিয়া মুখার্জি।সহ কৃষি অধিকর্তা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি অধিকর্তা রাজর্ষি ব্যানার্জি।এছাড়াও অঙ্গনওয়াড়ি দপ্তরের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন ওই দপ্তরের আধিকারিক পাভেল রায়। প্রতিটি অফিসেই আধিকারিকদের পাশাপাশি কর্মীরা উপস্থিত থেকে দেশের প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানের মূল পর্ব শেষে ব্লক অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।স্থানীয় শিল্পীরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে দেশাত্মবোধের বার্তা তুলে ধরে।দেশপ্রেমের গান ও কবিতা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন,”৮০তম স্বাধীনতা দিবস আমাদের কাছে শুধু একটি দিন নয়।এটি আমাদের শহিদদের আত্মত্যাগকে স্মরণ করার এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করার দিন।”স্বাধীনতা দিবস উপলক্ষে সালানপুরের সরকারি দপ্তরগুলিতে জাতীয় পতাকা ও ত্রিবর্ণ রঙে সেজে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেমের আবেগ স্পষ্টভাবে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *