বাকি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তেজনা সালানপুর শিল্পাঞ্চল, কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলোকুইন্ট কারখানার শ্রমিকদের

সালানপুর, ২২ আগস্ট –
কাজল মিত্র : দেন্দুয়া-কল্যাণেশ্বরী শিল্পতালুকে ফের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শনিবার সকাল থেকে সালানপুরের এলোকুইন্ট স্টিল কারখানার মূল ফটকের সামনে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার, শ্রম দপ্তর এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে হওয়া যৌথ আলোচনায় যে নতুন মজুরি কাঠামো ঠিক হয়েছিল, তা এই অঞ্চলের বেশিরভাগ কারখানাই মানছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৩৮৬ টাকা করার কথা থাকলেও, এলোকুইন্ট কর্তৃপক্ষ এখনও পুরনো হারে ৩২৩ টাকা করেই মজুরি দিয়ে যাচ্ছে।

শ্রমিকদের দাবি, এই নিয়ে তারা বারবার ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই আজ তারা কর্মবিরতি করে প্রতিবাদে নেমেছেন। তাদের আরও অভিযোগ, এই শিল্পাঞ্চলের মালিক সংগঠন ইচ্ছাকৃতভাবে বর্ধিত বেতন কার্যকর করতে দিচ্ছে না। কারণ একটি কারখানা নতুন হারে বেতন দিতে শুরু করলে বাকি সব কারখানাকেও সেই নিয়ম মানতে হবে।অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় চ্যাটার্জী জানান, তিনি আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার শর্ত, আগে শ্রমিকদের কাজে যোগ দিতে হবে। তিনি বলেন, এভাবে উৎপাদন বন্ধ করে কারখানার কোটি কোটি টাকার ক্ষতি করা উচিত নয়। শ্রমিকরা কাজে ফিরলে তিনি প্রয়োজনে মধ্যরাত পর্যন্ত আলোচনা করে সমস্যা মেটাতে রাজি আছেন।যদিও শ্রমিকদের পাল্টা যুক্তি, এর আগেও বহুবার তারা আলোচনার চেষ্টা করেছেন, কিন্তু কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। তাই এবার তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। আপাতত কারখানার সামনে বিক্ষোভ জারি রয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *