কাজল মিত্র : “নেশাকে না বলুন, ভবিষ্যৎকে হ্যাঁ বলুন” – এই স্লোগানকে হাতিয়ার করে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল নিয়ামতপুর ফাঁড়ি।যুব সমাজের মধ্যে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা বাড়াতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মাদক কীভাবে একটি সুস্থ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির এসিপি জাবেদ হুসেন এবং কুলটি থানার ওসি অশোক সিনহা মহাপাত্র। তাঁদের পাশাপাশি এই সচেতনতা শিবিরে যোগ দেন এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, শিল্পাঞ্চলের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বিশিষ্ট সমাজসেবী সুনীল সরকার, সুনীল ভর ও টিংকু ভার্মা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইনি ব্যবস্থা নিয়ে মাদকের সমস্যা মেটানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষ করে নতুন প্রজন্মকে নেশার কবল থেকে বাঁচাতে পরিবার, স্কুল এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা জারি থাকবে, তবে তার পাশাপাশি মানুষকে সচেতন করাই তাদের প্রধান উদ্দেশ্য। পুলিশ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ সবাই মিলে হাত মেলালেই একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে বার্তা দেওয়া হয়।
