সংবাদদাতা,দুর্গাপুরঃ শহরের পৌর পরিষেবার পাশাপাশি দুর্গাপুরের খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে দুর্গাপুর পুরসভা। ইতিমধ্যে বেশ কিছু ক্লাবের সীমানা পাঁচিল যেমন গড়ে দেওয়া হয়েছে তেমনই মাঠে আলোর ব্যবস্থাও করা হয়েছে। সম্প্রতি,দুর্গাপুরের অন্যতম ক্রীড়া সংগঠন রাতের বেলা পর্যাপ্ত আলো না থাকায় অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারে না। এদের মধ্যে অনেকে অ্যাথলিট এবং অন্যান্য নানান খেলার সঙ্গে যুক্ত।

দুর্গাপুরের ডিপিএল এলাকার অ আ ক খ ক্লাবের পক্ষ থেকে তাদের মাঠে আলোর ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল পুরসভার কাছে। অবশেষে তা পূরণ হল। সম্প্রতি, তাদের মাঠে আলোর ব্যবস্থা করে দিয়েছে পুরসভা। নারকেল ফাটিয়ে মাঠের চারদিকে সেই বাতিস্তম্ভের উদ্বোধন করেন পুর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। উন্মোচন হয় ফলকেরও। উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তেওয়ারি,দীপঙ্কর লাহা,এলাকার প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর বিশ্বনাথ পাড়িয়াল,কল্লোল বন্দ্যোপাধ্যায় প্রমূখ। স্বাভাবিকভাবেই মাঠ আলোকিত হওয়ায় খুশি ক্লাবের খেলোয়াড়রা সহ ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষে বিপদতারণ নন্দী জানান,দীর্ঘদিন ধরে আমাদের আবেদন ছিল দিদির কাছে এই মাঠকে আলোকিত করার জন্য বাতিস্তম্ভ লাগানোর জন্য। ক্লাবের যে জিম রয়েছে তার সেড নষ্ট হয়ে যাওয়ায় সেটারও সংস্কারের আশ্বাস দেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং বাইরে একটি খোলা মঞ্চেরও সেড বানিয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, পুর নিগমের ফান্ডে যে টাকা আছে তা নিতান্তই অনেক কম। তবুও তার মধ্যে থেকে বিভিন্ন ক্লাবের আবেদনের সাড়া দিয়ে তারা এই ব্যবস্থা করে চলেছেন। আগামীদিনেও তারা শহরের বিভিন্ন মাঠ সহ রাস্তায় সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে উদ্যোগী। প্রশাসক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ধর্মেন্দ্র যাদব জানান ইতিমধ্যে প্রায় কুড়িটি মাঠে এইরকম আলোর ব্যবস্থা করা হয়েছে। শিঘ্রই সিটি সেন্টারে চতুরঙ্গ মাঠে হাই মাস্ক আলো লাগানো হবে বলেও জানান তিনি।
