সিনার্জি বৈঠকে দুর্গাপুরে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার উপর জোর দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

সংবাদদাতা,দুর্গাপুরঃ শিল্পপতি,উদ্যোগপতি ও ব্যবসায়ীদের নিয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসকের উদ্যোগে শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে হয়ে গেল সিনার্জি কমিটির এক বৈঠক। উল্লেখ্য, কিছুদিন আগেই আইএনটিটিইউসির শীর্ষ নেতৃত্ব দুর্গাপুরের জন্য ১২ জনের একটি কোর কমিটি ঘোষণা করে জানিয়েছে এখন থেকে দুর্গাপুরের কলকারখানা বিষয়ক সবকিছু এই কমিটি দেখবে। কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সেই কমিটি গঠনের পরই সৃজনীতে এই শিল্প বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এখানে উপস্থিত ছিলেন ঋতব্রত ছাড়াও জেলা শাসক এস পুন্নমবলম,মন্ত্রী প্রদীপ মজুমদার,বিধায়ক নরেন চক্রবর্তী,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। পুলিশ প্রশাসনের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা,জেলা বনাধিকারিক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। বৈঠকে দুর্গাপুরের কারখানাগুলিতে স্থানীয়দের নিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে ঋতব্রত সাফ জানিয়ে দেন, নিয়োগে কোনোভাবেই ইউনিয়ন মাথা ঘামাবে না। কারখানায় কর্মী নিয়োগ বা গেট পাশ নিয়ে নেতাদের দাদাগিরি বরদাস্ত করা হবে না। এমনকি এসব নিয়ে কারখানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নেতা-নেত্রীদের অহেতুক চাপ সৃষ্টি বা অসহযোগিতা করলে তাদের শাস্তির মুখে পড়তে হবে। রাজ্য সরকারের যে কর্ম সংস্থান পোর্টাল আছে সেখান থেকেই নিয়োগ হবে বলে তিনি জানান। প্রসঙ্গক্রমে সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী পঙ্কজ রায় সরকারের অবস্থান প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান,তিনি আইএনটিটিইউসির কেউ নন। দুর্গাপুরে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি কর্মী নিয়োগ সহ শ্রমিক সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা বিধি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের বিভিন্ন কলকারখানায় স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ যাতে বাড়ে তার পক্ষে সওয়াল করেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রায় একই কথা বলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে শিল্পের প্রসারের পাশাপাশি দুর্গাপুরের সার্বিক দূষণ পরিস্থিতি নিয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়নে শিল্পপতিদের সব রকমের সহযোগিতার আশ্বাস দেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। প্রবাদপ্রতিম শ্রমিক নেতা আনন্দগোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটকের প্রসঙ্গ উল্লেখ করে শিল্পনগরী দূর্গাপুরের হৃত গৌরব ফিরিয়ে সব রকমের প্রচেষ্টা চালাতে তিনি তৈরি বলে জানিয়ে দেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। বৈঠকে দুর্গাপুরে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে সব রকমের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন জেলা শাসক এস পুন্নমবলম এবং পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *