এডিডিএর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাশ

সংবাদদাতা,দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে ধারাবাহিকভাবে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাশ প্রক্রিয়া চলছে। সম্প্রতি দুর্গাপুরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাশ করা হল। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ,গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুরের এমএএমসির শান্তিময়ী কালীমন্দিরে একটি নতুন শেড এবং একটি শৌচালয়ের উদ্বোধন করা হয়। এর জন্য ব্যয় হয়েছে ১০ লক্ষ টাকা। এখানে অন্যদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুরমাতা লাভলী রায়।

স্থানীয়দের অনেকদিনের দাবি ছিল এখানে একটি কমিউনিটি শৌচালয় ও শেড নির্মান করে দেওয়ার। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। সেই সঙ্গে এমএএমসির ভি কে নগরে একটি রান্নাঘর ও শৌচালয়ের উদ্বোধন করা হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডের সারদাপল্লিতে একটি কমিউনিটি শেডেরও উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বিধাননগর এলাকায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান ক্যাম্পাসে ৫টি হাই মাস্ট আলোর শিলান্যাশ করা হয়। এখানে মন্ত্রী প্রদীপ মজুমদার ও কবি দত্তের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা। একই সঙ্গে বিধাননগরের বিপ্লবী রাসবিহারী বসু সরনী এবং সংলগ্ন রাস্তার সংস্কার কাজের শিলান্যাশ করা হয়েছে। এখানে মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএর চেয়ারম্যান কবি দত্তের সঙ্গে উপস্থিত ছিলেন পিনাকেল ইনফোটেকের কর্ণধার বিমল পাটোয়ারী। কবি দত্ত জানিয়েছেন,বিভিন্ন এলাকায় সাধারন মানুষের দাবি মেনে উন্নয়নমূলক কাজগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে এই ধরনের আরও কিছু প্রকল্প রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *