সংবাদদাতা,দুর্গাপুরঃ বস্তি এলাকার পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পক্ষে মোটা অর্থের বিনিময়ে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া সহজ নয়। অথচ,বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে এই প্রযুক্তিগত শিক্ষার দরকার। এই সব পরিবারের ছেলেমেয়েদের বিনা অর্থে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তাদের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে দুর্গাপুর মহকুমার অন্তর্গত ১৫ – ২০ টি বস্তি এলাকায় একটি করে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া এলাকার শিশুদেরকে আগামী দিনে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতার এই কর্মসূচির অন্তর্গত প্রথম প্রশিক্ষণ কেন্দ্রটি কিছুদিন আগেই রাঁচি কলোনির আদিবাসী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে চালু করা হয়েছে।

সেটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত, প্রাক্তন সভাপতি রমাপ্রসাদ হালদার, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ মুখার্জী, প্রাক্তন পুরমাতা সুস্মিতা ভুঁই প্রমূখ। এরপর সোমবার দ্বিতীয় সেন্টারটি চালু করা হল বামুনারা অগ্রণী হলে। প্রথমটির মতো এবারও বিনামূল্যের এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি কবি দত্ত, বণিকসভার বর্তমান সভাপতি চন্দন দত্ত, পুরসভার প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য প্রমূখ। চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত জানান,সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েরাও যাতে কম্পিউটার প্রশিক্ষণ পায়,সেই লক্ষ্যেই এই ধরনের কেন্দ্রগুলি আমরা চালু করছি। আগামী দিনে আরও অনেকগুলি এই ধরনের কেন্দ্র চালু করা হবে।
