দুর্গাপুরের সরকারী স্কুলের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন এবার সফল হতে চলেছে

সংবাদদাতা,দুর্গাপুর: সরকারী স্কুলে পাঠরত এমন অনেক দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা আছে যারা মেধাবী হওয়া সত্ত্বেও শুধু মাত্র আর্থিক ভাবে পিছিয়ে থাকার কারণে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হয়। এবার সেই সব ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ শিক্ষার কোচিং দেওয়ার একটা সুযোগ তৈরি হল দুর্গাপুরে।
এই মহৎ কাজে এগিয়ে এসেছে শহরের নামী একটি কোচিং সেন্টার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড এবং দুর্গাপুর মহকুমা প্রশাসন। বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে কোচিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সি এস আর প্রজেক্টের মাধ্যমে এই কর্মসূচিটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে দুর্গাপুরের রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় এবং দুর্গাপুর তারক নাথ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবে। পরবর্তী সময়ে আরো স্কুলের ছাত্রছাত্রীদেরও সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুরের মহকুমা শাসক ড. সৌরভ চট্টোপাধ্যায় এই উদ্যোগের ভুয়সী প্রশংসার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ড. কলিমুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল হক সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট এর এইচ ও ডি সঞ্জীব রাওয়াত জানান, তাদের এই শিক্ষা প্রকল্পের লক্ষ হল, সরকারী স্কুলগুলির আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রী রাও, যাতে উচ্চ শিক্ষার যথাযথ প্রশিক্ষণ পেয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *