নিঃ সঃ দুর্গাপুর : দুর্গাপুরে আরও একটি বেসরকারি হাসপাতাল “বেদা ” উদ্বোধন হল শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের পলাশডিহায়। উপস্থিত ছিলেন আসানসোেল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পশ্চিম বর্ধমান এস পুন্নমবলম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

হাসপাতালের তরফে চিকিৎসক ঝিলম মুখোপাধ্যায় জানান,”অত্যাধুনিক পরিকাঠামো ও উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থার পাশাপাশি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মাতৃত্বকালীন পরিষেবায়। গর্ভবতী মহিলাদের জন্য নিয়মিত অ্যান্টেনাটাল চেকআপ, অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধান, আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি সুবিধা। হাই-রিস্ক গর্ভাবস্থার জন্য বিশেষ পর্যবেক্ষণ ইউনিট এবং ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে।নরমাল ও সিজারিয়ান ডেলিভারির জন্য সুসজ্জিত অপারেশন থিয়েটার, নবজাতকের জন্য এনআইসিইউ সুবিধা এবং প্রসব-পরবর্তী কাউন্সেলিং ব্যবস্থাও থাকছে।

“আরেক কর্ণধার ডঃ জয় সান্যাল বলেন,”শুধু চিকিৎসা নয়, মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও মানসিক স্বস্তিকেও গুরুত্ব দেওয়া হবে। এতদিন উন্নত মাতৃত্বকালীন চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রেই শহরবাসীকে বাইরে যেতে হতো। নতুন এই হাসপাতাল চালু হওয়ায় সেই নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন অনেকে। হৃদরোগ এর চিকিৎসা হবে অত্যাধুনিক মানের।”শিল্পাঞ্চল দুর্গাপুরে ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। শহরবাসীর আশা, বেদা হাসপাতাল আগামী দিনে নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শয্যা সংখ্যা ১০৫টি। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
