সংবাদদাতা,অন্ডাল : শুক্রবার দুর্গাপুরের একাধিক কর্মসূচীতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্ডাল এয়ারপোর্টে বেসরকারি সংস্থার ৫০০ শয্যা বিশিষ্ট একটি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নতি নিয়ে বেশ কিছু কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান,বাংলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে ছুটতে হবে না। তিনি জানান,রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ গড়া হবে,যার অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে থাকবে হার্টের চিকিৎসা ব্যবস্থাও।

এছাড়াও তিনি জানান,ক্যানসার-সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধির দামি ওষুধ সস্তায় জোগাতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ‘অমৃত মেডিসিন সেন্টার’ খোলা হবে। এই প্রসঙ্গে তিনি জানান,নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে যে হাসপাতাল তৈরি হচ্ছে,সেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য ১,০০০টি শয্যা সংরক্ষিত থাকছে। এখানে বক্তব্য রাখতে গিয়ে আগের তৃণমূল সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আগের সরকারের আমলে রোগীদের তিন বেলার খাবারের জন্য মাত্র ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ ছিল। বিধায়ক,মন্ত্রী, সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসে এই খাবারের জন্য বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করেছি।”

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নিজেদের সাফল্যের বিষয়ে তিনি বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। বাকি যাঁরা এই প্রকল্পে নেই, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী হেলথ স্কিম’ চালু করা হয়েছে।” প্রসঙ্গত, অন্ডালের বেসরকারী ক্যানসার হাসপাতালটি তৈরী করতে উদ্যোক্তারা তিন বছর সময় বরাদ্দ করলেও এদিন মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করে বলেছেন,এই হাসপাতালের কাজ যেন ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করা হয়।
