প্রচারে সৌজন্যের নজির, তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেই প্রচার শুরু বিজেপি প্রার্থীর

কাজল মিত্র, জামুড়িয়া : নির্বাচনী প্রচারে সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখার্জি। ভুড়ি গ্রামে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে করমর্দন ও সৌজন্য বিনিময়ের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন।উল্লেখযোগ্যভাবে, শুক্রবার জামুড়িয়া বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখার্জি শ্যামলা অঞ্চলের ভুড়ি, ফারফরি ও শ্যামলা—এই তিনটি গ্রামে তাঁর প্রচার অভিযান চালান।

এদিন প্রথমে ভুড়ি গ্রামের ডাঙ্গালপাড়ায় পৌঁছে হনুমান মন্দিরে পূজা-অর্চনা করে তিনি প্রচার শুরু করেন। পরে তাঁর প্রচার মিছিল ভুড়ি গ্রামের তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছালে, সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি নিজে এগিয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁর এই আচরণে স্থানীয় মানুষজন বিস্মিত হয়ে পড়েন।এছাড়াও ভুড়ি, ফারফরি ও শ্যামলা গ্রামে বাড়ি বাড়ি প্রচারের সময় বহু মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। অনেকেই বাড়ির বেহাল অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, এমনকি কয়েকজন মহিলা কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রার্থী তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এই প্রসঙ্গে ডাঃ বিজন মুখার্জি জানান, তিনি গ্রামগুলিতে গিয়ে প্রচার ও জনসংযোগ করেছেন এবং মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে নিকাশি ব্যবস্থার দুরবস্থা। সঠিক ড্রেনেজ না থাকায় রাস্তায় নোংরা জল জমে থাকছে।এছাড়াও অনেক পরিবার এখনও পাকা বাড়ির সুবিধা থেকে বঞ্চিত, কেউ ত্রিপল বা খড়ের ছাউনি দিয়ে বসবাস করছেন। পাশাপাশি পানীয় জল ও শৌচালয়ের সমস্যাও প্রকট আকারে দেখা যাচ্ছে।তৃণমূল কর্মীদের সঙ্গে সৌজন্য আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি সকলকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাস করে, সেই কারণেই তিনি এই সৌজন্যের বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *