বিজেপির নাম ভাঙিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ, বনগ্রামে উত্তেজনা, আটক একাধিক


দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ফের তোলাবাজি ও সিন্ডিকেট চক্রের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের বনগ্রাম এলাকায়। শনিবার সকালে গোপাল মাঠ সংলগ্ন বনগ্রামে একটি গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই সেখানে পৌঁছে যায় বিজেপি কর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশের প্রভাব ছিল। শ্রমিক নিয়োগের নামে অর্থ লেনদেন ও তোলাবাজির অভিযোগও উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি। পাশাপাশি সংগঠনের নেতা আকবর আলী, রসুল মিয়া-সহ আরও কয়েকজনের নামও অভিযোগে উঠে এসেছে।
বিজেপির দাবি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেও পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। এবার বিজেপির নাম ব্যবহার করে নতুন করে তোলাবাজির পরিকল্পনা করা হচ্ছিল বলেই অভিযোগ। সেই উদ্দেশ্যেই বনগ্রামে গোপন বৈঠক ডাকা হয়েছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের।
বিজেপি কর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের একাংশ এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বিজেপির দাবি, শেখ মনি, আকবর আলী ও রসুল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *