সংবাদদাতা,অন্ডাল : এক ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় শেষ পর্যন্ত দুই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে উখড়া ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে ধৃতদের জেরা করে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অলংকারও। অন্ডাল থানাতে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। তিনি জানান, তদন্তে জানা গেছে দুষ্কৃতীরা চুরি করার আগে ওই এলাকায় বেশ কয়েকবার রেকি করেছিল। ঘটনায় ধৃত দু’জন ছাড়া আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য,গত ২৬ জুন অন্ডাল থানার উখড়া গ্রামের শনি মন্দির সংলগ্ন ব্রিজ প্রসাদ বর্ণওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সময় ঘরে অনুপস্থিত ছিলেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। তারা সপরিবারে কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে চুরির ঘটনাটি নজরে আসে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে উখড়া ফাঁড়ির পুলিশ। ৪ জুলাই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে শেখ আব্দুল মালিক ও মোহাম্মদ জামাল নামে দু’জন। এদের একজনের বাড়ি উখরা গ্রামের শংকরপুর ও অপরজন রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। কোর্টে পেশ করার পর দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া অলংকারের একাংশ উদ্ধার করে পুলিশ।
