প্রেমপাল সিংয়ের বহুলা অফিসে পুলিশের হানা

কাজল মিত্র:-জামুড়িয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের পুত্র প্রেমপাল সিংয়ের বহুলা এলাকার অফিসে বুধবার হঠাৎ পুলিশি অভিযান চালানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্রেমপাল সিং অতীতে একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। এক সময় তাঁর “মন্ত্রী আমি বানাই” মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছিল।এছাড়া গাড়িতে অবৈধভাবে হুটার ব্যবহারের অভিযোগ নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েন। বিভিন্ন সময়ে তাঁর কর্মকাণ্ডকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি একটি জনসভা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হরেরাম সিংকে তাঁর ছেলেকে নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে প্রেমপাল সিংকে এলাকায় খুব একটা দেখা যায়নি। এরই মধ্যে বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা এলাকায় তাঁর অফিসে পুলিশের আকস্মিক হানা নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *