কাজল মিত্র : শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত পর্যটনক্ষেত্র কল্যাণেশ্বরীতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।গতকাল মধ্যরাতে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ‘আসা রিসোর্ট’ এবং ‘আপনজন লজ’-এ পর পর চুরির ঘটনা ঘটে। সিসিটিভির ডিভিআর (DVR) থেকে শুরু করে নগদ টাকা, দামি মোবাইল ফোন এবং এমনকি এক পর্যটকের মোটরসাইকেল পর্যন্ত নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।স্থানীয় সূত্রের খবর, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা প্রথম হানা দেয় ‘আসা রিসোর্ট’-এ।

সেখানকার ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয় চোরেরা। প্রমাণ লোপাট করতে রিসোর্টের সিসিটিভি ক্যামেরার ডিভিআর (DVR) যন্ত্রটিও খুলে নিয়ে চম্পট দেয় তারা।আসা রিসোর্টে চুরির পরেই দুষ্কৃতীরা পাশের ‘আপনজন লজ’-এ প্রবেশ করে। সেখানে হুগলি থেকে আসা চার বন্ধুর একটি ঘরকে লক্ষ্য বানায় তারা। ঘরের জানলা খুলে একটি আইফোন (iPhone), একটি পোকো (Poco) অ্যান্ড্রোয়ড ফোন চুরি করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই চার পর্যটকের বাইকের চাবি বাগিয়ে নিয়ে লজের বাইরের গেটের তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় চোরেরা।
ঘটনার খবর পেতেই কুলটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
