কাজল মিত্র : শনিবার অন্ডাল থানার উখড়া ফাঁড়িতে সাংসদের নামে প্রতীকী ‘নিখোঁজ ডায়েরি’ দায়ের করেন বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, সাংসদের নাগাল না পেয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। যদিও তৃণমূল এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ, তাদের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে দীর্ঘদিন জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলে শনিবার অন্ডাল থানার উখড়া ফাঁড়িতে তাঁর খোঁজ চেয়ে প্রতীকী নিখোঁজ ডায়েরি করল বিজেপি। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি কর্মী দয়াল চ্যাটার্জীর দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে সাংসদকে এলাকায় কার্যত দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হচ্ছেন না। সেই কারণেই বিষয়টি প্রশাসনের নজরে আনতে প্রতীকী প্রতিবাদ হিসেবে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধীরা বিষয়টিকে জনবিচ্ছিন্নতার ইস্যু হিসেবে তুলে ধরলেও, শাসকদল কী জবাব দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
