মালবহাল পঞ্চধাম মন্দিরে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে মা কালীর সোনা-রূপার অলঙ্কার চুরি

কাজল মিত্র : সালানপুর থানার আছরা পঞ্চায়েত এর মালবহাল পঞ্চধাম মন্দিরে দুঃসাহসিক চুরি । আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । রবিবার ভোরে মন্দিরের এক সেবায়ত মন্দিরে এসে দেখেন, মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । পাশাপাশি মন্দিরের ভিতর চুরি হয়ে গেল মা কালীর বহু মূল্যবান সোনা ও রূপার অলঙ্কার।স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মন্দির বন্ধ থাকার পর সকালে এক ভক্ত দেখতে পান মন্দিরের মূল দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। তিনি বিষয়টি দ্রুত মন্দিরের দায়িত্বে থাকা দেখভালকারীকে জানান। খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন কমিটির কোষাধ্যক্ষ সুবোধ খাঁ।


ঘটনায় জানা গিয়েছে, দুষ্কৃতীরা সুপরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে মা কালীর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনা ও রূপার প্রায় ৭টি চেইন,রূপার মুকুট,রূপার খড়গ,সোনার লকেট সহ বিভিন্ন মূল্যবান গয়না।
মন্দিরের সম্পাদক ক্ষোভ প্রকাশ করে জানান, “সকালে মন্দিরের দেখভালকারী আমাকে চুরির বিষয়টি নিশ্চিত করেন। আমি এসে দেখি মায়ের গায়ে থাকা সমস্ত সোনা ও রূপার অলঙ্কার গায়েব হয়ে গিয়েছে।”


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পর পর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ,
এলাকায় লাগাতার চোরের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন রূপনারায়ণপুরবাসী। এবার সেই তালিকায় যুক্ত হলো পবিত্র দেবস্থানও।এলাকায় নজরদারি অভাবের কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দ্রুত এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *