সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তার শিলান্যাস করলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর ব্লকের ডিভিসি পাড়ায় পাণ্ডবেশ্বর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিভিসি পাড়া স্টার ক্লাব পর্যন্ত। এই রাস্তার জন্য ব্যায় হবে ৪৫ লক্ষ ১৩ হাজার ৯৫২ টাকা। এছাড়া ছোটমুড়ি থেকে ডিএভি স্কুল লিংক পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ২০ লক্ষ ৩৭ হাজার। অন্যদিকে, দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা বাসস্ট্যান্ড থেকে লাউদোহা শ্মশান ঘাট পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো। এই রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছে ৫৭ লক্ষ টাকা।

মূলত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে এই কাজগুলি সম্পন্ন হবে। বিধায়ক নরেন চক্রবর্তী জানান, ২০২১ বিধানসভা ভোটে যখন প্রার্থী হয়েছিলাম,আমার একটাই মূল মন্ত্র ছিল- “উন্নয়নে এগিয়ে পাণ্ডবেশ্বর”। পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের প্রয়োজনে উন্নয়ন পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। আমি কথা দিয়েছিলাম রাস্তা গুলি সংস্কার করে দেওয়া হবে। তাই কথা মতো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে এদিন এই তিনটি রাস্তারই সংস্কারের কাজের উদ্বোধন করা হল।
