সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে একাধিক অভিযোগ থাকলেও এই হাসপাতালের পরিষেবা যে দেশের অনেক হাসপাতালের থেকে উন্নত,তার প্রমান হিসেবে পাওয়া গেল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ স্বীকৃতি।জানা গেছে,কেন্দ্রীয় সরকারের ন্যাশান্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স (এনকিউএএস)এর মূল্যায়নে ভালো ফল করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল।কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফে এক সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন কাজকর্ম নিয়ে সমীক্ষা করা হয়েছিল।

আর তাতেই এই হাসপাতাল ৮৭ শতাংশ নম্বর পেয়েছে বলে জানানো হয়েছে। শনিবার এই বিষয়ে মহকুমা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খবর জানিয়েছেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান তথা হাসপাতালের রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,দেশের প্রথম শ্রেণীর হাসপাতালগুলির সঙ্গে এই হাসপাতালও যে রয়েছে এই স্বীকৃতি তারই প্রমান। কবি দত্ত বলেন,আগের অবস্থা থেকে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার অনেকটাই উন্নতি হয়েছে। বেড়েছে পরিচ্ছন্নতাও। এই স্বীকৃতি সেটাই প্রমান করেছে। উল্লেখ্য,বেসরকারী এক ইস্পাত সংস্থার উদ্যোগে ১৫ লক্ষ টাকা ব্যায়ে সম্প্রতি এখানকার অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ শেষ হয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় আধুনিক যন্ত্র এখানে আনা হয়েছে। এদিন সেটিরও উদ্বোধন করা হয়।
