সংবাদদাতা,দুর্গাপুরঃ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কোর কমিটি গঠনের পর এই প্রথম সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন কোর কমিটির চেয়ারপার্সেন তথা রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ কোর কমিটির সদস্যরা। দুর্গাপুর হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ঋতব্রতের সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত,গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ।বৈঠকের পর সাংবাদিকদের ঋতব্রত জানিয়েছেন,কর্মী নিয়োগের ক্ষেত্রে আইএনটিটিইউসির কেউ কোনো হস্তক্ষেপ করবে না এটা পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে ডিএসপি কর্তৃপক্ষকে। তা সত্বেও যদি সংগঠনের তরফে কেউ এই ধরনের কাজ করে থাকেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এরমধ্যেই ডিএসপিতে কোনো এক নেতা নিয়োগের তালিকা দিয়েছেন বলে জানা গেছে। সেই নেতার বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানান ঋতব্রত। একই সঙ্গে তিনি জানান,আইএনটিটিইউসির টোল ফ্রি নাম্বারে অনেক অভিযোগ আসছে। তাতে অনেক নেতার চরিত্র প্রকাশ পাচ্ছে। এবার সেই টোল ফ্রি নাম্বার লেখা হোর্ডিং শহরের বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়া হবে। কোনো দূর্ণীতি হলে যাতে সেই নম্বরে যে কেউ জানাতে পারে। আমরা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। এছাড়াও এই বৈঠকে কর্মীদের পিএফ,ইএসআই,পে স্লিপ নিয়ে বেশ কিছু অভিযোগের কথা বলা হয়েছে। সেই সঙ্গে ডিএসপি এবং এএসপিতে বায়োমেট্রিক চালু করার চ্যালেঞ্জও দিয়েছেন ঋতব্রত।
